হজের মোড়ে বরখাস্ত পুলিশ কর্মকর্তা মাহবুব হাসানকে জনতা পিটিয়ে আহত করেছে; পরিস্থিতি শান্ত করতে পুলিশ হস্তক্ষেপ করেছে।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান (৩৫) শনিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরের হজের মোড় এলাকায় স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হন। গণপিটুনির ফলে হাসান রক্তাক্ত হন এবং তার মাথায় জখম দেখা যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, হাসানের বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, ভয় দেখানো এবং টাকা আদায়ের বহু অভিযোগ রয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে যুক্ত ছিলেন এবং পরে পুলিশের ডিবি শাখায় যোগ দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ও সাধারণ মানুষের ওপর দমন-নিপীড়ন চালান।
ঘটনার সময় পরিস্থিতি শান্ত করতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার ও ছাত্রশিবিরের মহানগরের সাবেক সভাপতি খাইরুল ইসলাম।
জসিম উদ্দিন বলেন,“হাসান মানুষকে মিথ্যা মামলায় কারাগারে পাঠাত। জনতার হাতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা আশা করি, আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।”
স্থানীয়রা আরও জানান, হাসান নগরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে চাঁদাবাজি ও মিথ্যা মামলা দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। উদাহরণ হিসেবে বলা যায়, রেলগেট এলাকার সাংবাদিক রাজিব আলী রাতুলকে ২০১৯ সালে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগ আছে। সেই মামলায় রাজীব ১৬ মাস কারাভোগ করেন।
নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, “আটকের পর হাসানকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের থানায় তার নামে মামলা নেই, তাই তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।”
বোয়ালিয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “হাসানের বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা আছে। গ্রেপ্তার দেখানো হবে এবং অন্য কোনো মামলায় সম্পৃক্ততা পাওয়া গেলে সেক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হবে।”
রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, হাসান সর্বশেষ নগর ডিবিতে কর্মরত ছিলেন এবং বর্তমানে বরখাস্ত হয়েছেন। বরখাস্তের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন শুনেছি এর বেশি জানা নেই।



















