রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো: আব্দুল মাজেদ (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে পবা থানার দূর্গা পারিলা গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত আব্দুল মাজেদ ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের তত্ত্বাবধানে এসআই এটিএম আশিকুল ইসলাম ও তার দল নিয়মিত ডিউটি ও ওয়ারেন্ট তামিল করার সময় গোপন সংবাদ পান। সংবাদের ভিত্তিতে তারা দূর্গা পারিলা এলাকায় মাজেদের পেয়ারা বাগানে অভিযান চালান। সেখানে বাগানের ভেতর সন্তর্পণে বড় করা একটি বিশাল গাঁজার গাছ (ডালপালাসহ আনুমানিক সাড়ে ৯ ফুট) পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিকভাবে গাছটি জব্দ করে এবং মাজেদকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাজেদ স্বীকার করেছেন যে, তিনি নিজে সেবন ও পরবর্তীতে বিক্রির উদ্দেশ্যে গোপনে ওই গাছটি রোপণ ও পরিচর্যা করছিলেন। এ ঘটনায় আরএমপির পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



















