নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক ওয়ার্ড সভাপতিসহ তিন নেতাকর্মীকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
১০ জানুয়ারি গভীর রাতে নগরীর নতুন বিলসিমলা এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের রাজপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি মোঃ চাঁন সওদাগর এবং তার সহযোগী মুরাদ ও বিদ্যুৎ।
রাজপাড়া থানা পুলিশ জানায়, চাঁন সওদাগরের বাড়ি রাজশাহী জেলার পবা উপজেলার নওদাবিল গ্রামে। তিনি বর্তমানে নগরীর নতুন বিলসিমলা এলাকায় বসবাস করতেন। তার পিতার নাম মোঃ আব্দুর রউফ (অন্যান্য নথিতে আবু রউফ মিস্ত্রি উল্লেখ রয়েছে)। এলাকায় তিনি জামায়াত নেতা হিসেবেই পরিচিত। গ্রেপ্তারের সময় চাঁন সওদাগরের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা, ছোরাসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, চাঁন সওদাগর একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র, বিশেষ ক্ষমতা আইনসহ মোট ১৯টি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রাজপাড়া থানায় ১২টি, বোয়ালিয়া থানায় ছয়টি এবং শাহ মখদুম থানায় একটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
পুলিশের নথি অনুযায়ী মোঃ চাঁন সওদাগর (৩৩) এর বিরুদ্ধে রাজপাড়া, বোয়ালিয়া, শাহ মখদুম ও মতিহার থানায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে রয়েছে— ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি, হত্যা ও হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য আইন, অস্ত্র আইন, সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশ কাজে বাধা ও সরকারি কর্মচারীর ওপর হামলা। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এসব মামলায় তিনি এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামি।
সম্পাদক: ও প্রকাশকঃ শেখ সাইফুদ্দিন আহম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ
৫৮০, এমএএস প্রাঙ্গন (৫ম তলা), বেগম রোকেয়া সরণী, পূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ 01711-938260
ই-মেইলঃ agamirbangladeshnews@gmail.com
www.agamirbangladesh.com