নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৌরসভা এলাকায় দুই দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করেন। এতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।
সূত্র জানায়, বুধবার কাকনহাট পৌরসভা বিএনপির ব্যানারে মহিষালবাড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন। অপরদিকে গোদাগাড়ী উপজেলা বিএনপি এক সপ্তাহ আগে প্রশাসনের অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সুলতান ইসলাম তারেক, ইঞ্জিনিয়ার কে এম জুয়েল, ব্যারিস্টার মাহফুজুল হক মিলন ও আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠানস্থল প্রস্তুতির সময় শরীফ উদ্দিনের অনুসারীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল অভিযোগ করেন, “আমরা এক সপ্তাহ আগে অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজন করছিলাম। বিকেলে মঞ্চ তৈরির সময় শরীফ উদ্দিনের অনুসারীরা বাধা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্যায়ভাবে আমাদের অনুষ্ঠান করতে দেওয়া হয়নি।”
এ বিষয়ে কাকনহাট পৌরসভা বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার বলেন, “শরীফ উদ্দিনের নির্দেশে মহিষালবাড়িতে আয়োজন করা হয়েছিল। এখন যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, নেতাদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে অনুষ্ঠান অন্যত্র করার বিষয়ে।”
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শান্তি বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, “দুই পক্ষই সভা করার অনুমতি নিয়েছিল। যেহেতু অনুষ্ঠানস্থল এক কিলোমিটার দূরত্বে ছিল তাই অনুমতি দেওয়া হয়েছিল। তবে আগের দিনই সংঘর্ষ ঘটায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোদাগাড়ী পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”
সম্পাদক: ও প্রকাশকঃ শেখ সাইফুদ্দিন আহম্মেদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ
৫৮০, এমএএস প্রাঙ্গন (৫ম তলা), বেগম রোকেয়া সরণী, পূর্ব কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
মোবাইলঃ 01711-938260
ই-মেইলঃ agamirbangladeshnews@gmail.com
www.agamirbangladesh.com